অনলাইনে উগ্রবাদবিরোধী সচেতনতা তৈরির আহ্বান

৬ মার্চ, ২০২২ ২১:৪৪  
তরুণ প্রজন্মের উগ্রবাদে জড়িয়ে পড়া ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস উগ্রবাদবিরোধী সচেতনতা তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় বা বেশি অনুসারী থাকা ব্যক্তিদের (সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার) ভূমিকা রাখতে হবে। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) সভাকক্ষে অনুষ্ঠিত ‘সহিংস উগ্রবাদ প্রতিরোধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। সিটিটিসি এবং বিজ্ঞাপনী সংস্থা অ্যানালাইজেন বাংলাদেশের উদ্যোগে ৩ মার্চ আয়োজিত এ কর্মশালায় উগ্রবাদ প্রতিরোধে সবার করণীয় দিক তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ আসাদুজ্জামান। নিজেদের কনটেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে সহিংস উগ্রবাদবিরোধী সচেতনতা তৈরির জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। যুগ্ম পুলিশ কমিশনার (সিটিটিসি) মোহাম্মদ ইলিয়াস শরীফ জানান, তরুণ প্রজন্মের উগ্রবাদে জড়িয়ে পড়া ঠেকাতে অভিভাবকেরাই অগ্রণী ভূমিকা রাখতে পারেন। এ জন্য নিয়মিত সন্তানের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের নিঃসংকোচে যেকোনো বিষয়ে কথা বলতে উৎসাহ দিতে হবে। অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মুহম্মদ রিসালাত সিদ্দীক সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় ব্যক্তিদের কনটেন্টের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে দেশাত্মবোধ ও উগ্রবাদ বিষয়ে সচেতনতা তৈরির জন্য কাজ করার পরামর্শ দেন।